
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন পূর্ব জাফলং ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. আব্দুল মোনায়েম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-১৫
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জাফলংয়ের ইসিএভুক্ত জুমপাড় ও মন্দিরের জুম এলাকায় ‘যন্ত্রদানব’ ব্যবহার করে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছে। এর ফলে ঐতিহ্যবাহী মন্দির, ফসলি জমি ও স্থানীয় বসতবাড়িসহ জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর আগে গত ৩১ অক্টোবর ওই এলাকায় টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ধ্বংস ও ৪টি মেশিন জব্দ করা হয়েছিল।
মামলার বাদী ও ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. আব্দুল মোনায়েম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ও পরিবেশগত সংকটাপন্ন এলাকার আইন লঙ্ঘন করে একটি চক্র যন্ত্রের সাহায্যে মাটি কেটে পাথর উত্তোলন করছিল। এতে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জড়িত ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও ইসিএ এলাকা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযানের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।












