
গোয়াইনঘাট সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে ত্রিমাত্রিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজে ‘স্মার্ট আইটি ল্যাব’-এর শুভ উদ্বোধন, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র বর্ষপূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের তরুণ প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য করে তুলতে সরকার বদ্ধপরিকর। গোয়াইনঘাট সরকারি কলেজে আজ যে ‘স্মার্ট আইটি ল্যাব’ উদ্বোধন হলো, তা এই অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় দীক্ষিত করতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। আমরা শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত সমাজ চাই না, আমরা চাই দক্ষ ও স্মার্ট জনশক্তি, যারা বিদেশের মাটিতেও দেশের সুনাম বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মন্ত্রী আরও বলেন, একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তরুণদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে। এ ক্ষেত্রে কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’ তাদের সৃজনশীলতা বিকাশে চমৎকার কাজ করছে। সুস্থ সংস্কৃতি চর্চাই তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পারে। মন্ত্রী কলেজটির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রযুক্তির নতুন অগ্রযাত্রার আবহে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

উল্যেখ্য, এর আগে মন্ত্রী সরকারের রাজস্ব খাত হতে ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গুরুকচি উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে পুকাশ স্কুল এন্ড কলেজে ৪ তলা ভিত বিশিষ্ট ১- তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।ভিত্তি প্রস্তর স্থাপনকালে মন্ত্রী শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।












