
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বাদ যোহর গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক শাহ আলম স্বপন এবং এলকাবাসীর যৌথ উদ্যোগে জাফলং মাদ্রাসায় হাফেজ, শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক শাহ আলম স্বপন বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। তাইতো তাকে বলা হয় আপসহীন নেত্রী। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি শুধু কোনো দলের নেত্রী নন। তিনি সমগ্র মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের অভিভাবক। দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

















