প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:০৪ পি.এম
ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা নাগরিকরা বিভিন্ন সময়ে চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন— রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০) ও ডিয়ার মানিক চর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫) ও মো. আল মামুন (২৮); শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), এবং নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) ও কাজিমুদ্দিন (২৪)।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ফেরত আসা ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved Jaflongnews24.com