
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (রেজি. নং: S-1028/98) আয়োজিত বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনরতল বাজার সংলগ্ন আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের ১২ শিক্ষার্থী। ট্যালেন্টপুল, জেনারেল ও স্পেশাল গ্রেডে এই শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয় জুড়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে সোনারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় পশ্চিম জাফলং অঞ্চলের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণি থেকে ছয়জন, প্রথম শ্রেণি থেকে দুইজন, চতুর্থ শ্রেণি থেকে একজন এবং পঞ্চম শ্রেণি থেকে তিনজন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: নার্সারি শ্রেণিতে মোহাম্মদ আলী (ট্যালেন্টপুল), হাফিজুর রহমান (ট্যালেন্টপুল), তানভির হুসেন তালহা (জেনারেল গ্রেড), ফাওজিয়া জান্নাত অমি (স্পেশাল গ্রেড), পার্থ রবি দাস (স্পেশাল গ্রেড) ও মেহেদী আল মারজান (স্পেশাল গ্রেড)। প্রথম শ্রেণিতে তাসপিয়া তাঞ্জিম তাহিয়া (ট্যালেন্টপুল) ও আব্দুল্লাহ বিন সালেহ (স্পেশাল গ্রেড)। চতুর্থ শ্রেণিতে সাহাদাৎ হোসাইন রাব্বি (স্পেশাল গ্রেড)। (চতুর্থ শ্রেণিতে বিদ্যালয়ের একমাত্র অংশগ্রহণকারী হিসেবে তার এই সাফল্যে শিক্ষক-অভিভাবকরা বিশেষভাবে আনন্দিত)। পঞ্চম শ্রেণিতে অন্যনা রানি দাস সিমানা (স্পেশাল গ্রেড), ফজলে শুভ (স্পেশাল গ্রেড) ও সজিব আহমদ (স্পেশাল গ্রেড)।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ছোটবেলা থেকেই মেধার এমন স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।














