
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও একটি মোটরসাইকেলসহ গিয়াস উদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজে অভিযান পরিচালনা করে।
এসময় গিয়াস উদ্দিনকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলে থাকা একটি কালো রঙের স্কুলের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ১৯ বোতল ‘অফিসার চয়েজ’ এবং ৯ বোতল ‘রয়েল গ্রিন’ মদ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক মাদকসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।











