Tuesday , 15 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে ক্রাশার মেশিন বন্ধ: নিঃস্ব ব্যবসায়ী আর অসহায় শ্রমিকের যৌথ আর্তনাদ

কে.এম লিমন:
সিলেটের জাফলং এখন পাথর ভাঙার যান্ত্রিক শব্দহীন এক নিস্তব্ধ জনপদ। প্রায় ১০ বছর ধরে জাফলং কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকার পর, এখানকার ক্রাশার মেশিনগুলো ভারত থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত এলসি (লেটার অব ক্রেডিট) পাথর ক্রাশিং করে কোনো রকমে সচল ছিল। কিন্তু গত প্রায় দুই বছর আগে সরকারের নির্দেশনায় ক্রাশার মিলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে চরম বিপর্যয় নেমে এসেছে এই শিল্পে। বিদ্যুৎহীনতার কারণে স্থবির হয়ে পড়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ, দেউলিয়া হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী এবং বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। উদ্ভূত পরিস্থিতিতে একদিকে যেমন ব্যবসায়ীরা ঋণের বোঝা সইতে না পেরে পানির দামে মূল্যবান যন্ত্রপাতি বিক্রি করে দিচ্ছেন, অন্যদিকে আমদানিকৃত পাথর ভাঙা সম্ভব না হওয়ায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

সরেজমিনে জাফলংয়ের বিভিন্ন ক্রাশার জোন ঘুরে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে মেশিনগুলো একসময় প্রতিদিন লাখ লাখ টাকার পাথর গুঁড়ো করে দেশের অর্থনীতিতে অবদান রাখত, সেগুলো আজ খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পুড়ছে। মেশিনগুলোর গায়ে গজিয়েছে ছোট ছোট পরজীবী গাছপালা, লোহার চাকা আর নাট-বল্টুতে ধরেছে ঘন লাল জং। থমকে আছে কোটি কোটি টাকার বিনিয়োগ। একদিকে সাইট ভাড়া আর অন্যদিকে নামমাত্র স্টাফ খরচ চালাতে গিয়ে শূন্য পকেট আরও ফাঁকা হচ্ছে মালিকদের। বিদ্যুতের অভাবে তামাবিল স্থলবন্দর দিয়ে আসা এলসি পাথর ভাঙা সম্ভব হচ্ছে না, যার ফলে পুরো সরবরাহ চেইন ভেঙে পড়েছে।
জাফলং ক্রাশার মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় লাখো পাথর শ্রমিক। মেশিনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই বিশাল জনগোষ্ঠী রাতারাতি বেকার হয়ে পড়েছেন। দীর্ঘদিন কর্মহীন থাকা পাথর ক্রাশার মিলের শ্রমিক রহমান মিয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, কোয়ারি বন্ধ হওয়ার পর ক্রাশার মেশিনে পাথর টানিয়া কোনোমতে পরিবার চালাইতাম। দুই বছর ধরি মেশিন বন্ধ। অহন দিনে একবেলা খাই, দুইবেলা উপাস থাকি। আমাইনষের ধার-দেনা করতে করতে পিঠ দেয়ালে ঠেকে গেছে।
নারী শ্রমিক মরিয়ম বিবি বলেন, মেশিন বন্ধ হওয়ার পর থ্যাইকা আমাগো কষ্ট বুঝার কেউ নাই। ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমরা তো চুরি করতে পারি না, সরকার কেন আমাদের পেটে লাথি মারল? সরকার আমাদের কষ্টের কথা একটুও ভাবছে না।
ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। ব্যাংক ঋণ ও স্থানীয় এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে যারা ক্রাশার মিল স্থাপন করেছিলেন, তারা এখন ঋণের কিস্তি শোধ করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে বাধ্য হয়ে লাখ লাখ টাকা মূল্যের ক্রাশার যন্ত্রাংশ ও লোহার স্ক্র্যাপ নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাফলংয়ের একজন শীর্ষস্থানীয় পাথর ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো অবৈধভাবে পাথর তুলছিলাম না। সরকারের ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে তামাবিল স্থল বন্দর দিয়ে বৈধ উপায়ে পাথর এনে মেশিনে ভাঙছিলাম। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে আমাদের কোটি কোটি টাকার বিনিয়োগ ধূলিসাৎ করে দেওয়া হলো। ব্যাংকের ঋণের কিস্তি দিতে না পেরে অনেক ব্যবসায়ী এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা দেউলিয়া হয়ে গেছি।

 

সার্বিক সংকট ও ব্যবসায়ীদের চরম দুর্দিনের চিত্র তুলে ধরে জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত বলেন, পরিবেশ রক্ষার নামে লাখ লাখ মানুষের পেটে লাথি মারা কোনো সমাধান হতে পারে না। ক্রাশার মেশিনগুলো বন্ধ থাকায় শুধু যে ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, সরকারও প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে, পরিবেশের ক্ষতি না করে ইকো-ফ্রেন্ডলি জোনে বা নির্দিষ্ট নিয়মে মিলগুলো চালু করার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু গত দুই বছরেও কোনো সুরাহা মেলেনি।
আমরা অনতিবিলম্বে মানবিক কারণে এবং অর্থনীতির চাকা সচল করতে ক্রাশার মিলগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সংশ্লিষ্টদের মতে, পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে নির্দিষ্ট জোনে ক্রাশার মিলগুলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার সুযোগ দেওয়া উচিত। তা না হলে এই অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ধস নামবে, যা কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হবে না। সংকটের স্থায়ী সমাধানে সরকারের উচ্চপর্যায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন জাফলংয়ের ব্যবসায়ী ও শ্রমিক সমাজ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

জাফলং জিরো পয়েন্টে টাস্কফোর্সের মধ্যরাতকালীন অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত