
কে.এম লিমন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাতকুড়িকান্দি খালের ওপর নির্মিত সেতুটি (ব্রিজ) বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না করায় সেতুটির অবস্থা এখন শোচনীয়। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা, ব্যাপক ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন চরম আতঙ্ক ও জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই জরাজীর্ণ সরু সেতুটির মাঝখানের পাকা অংশ খসে পড়ে এখন এক রকম বিকল হয়ে রয়েছে। ব্রিজের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে এবং বড় বড় ফাটল দেখা দিয়েছে। বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় স্থানীয় এলাকাবাসী বাধ্য হয়েই এই ভাঙাচোরা সেতু দিয়ে চলাচল করছেন। বর্তমানে কোনো রকমে টমটম, মোটরসাইকেল ও অটোরিকশার মতো ছোট ছোট যানবাহন পারাপার হলেও তা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সেতুটি ডৌবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার হলেও এই সেতুটির ব্যাপারে দীর্ঘদিন ধরে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। আর এটি ভেঙে পড়লে ডৌবাড়ী ইউনিয়নের একটি বড় অংশ পুরো উপজেলা সদর ও জেলা শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান তৈয়ব বলেন, সাতকুড়িকান্দি কেন্দ্র খালের এই জরাজীর্ণ ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে যাতায়াত করছে। যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন—জনস্বার্থে এখানে অনতিবিলম্বে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হোক।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন জানান, সেতুটির বেহাল দশা সম্পর্কে এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনভোগান্তি কমাতে দ্রুত এটি পুনর্নির্মাণ বা বড় ধরনের সংস্কার প্রয়োজন।
এদিকে, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ জানান, সাতকুড়িকান্দি খালের ওপর নির্মিত সেতুটির বর্তমান অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এটি দ্রুত মেরামত কিংবা পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
গোয়াইনঘাটে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত নতুন বিকল্প ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।











