
দেশীয় মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ হলরুমে জাফলং পিয়াইন নদী মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
জাফলং পিয়াইন নদী মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান।
সভায় বক্তারা বলেন, নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে মৎস্য অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভয়াশ্রম মাছের নিরাপদ প্রজনন ও বিচরণের সুযোগ সৃষ্টি করে। এর ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের ভারসাম্য রক্ষা সম্ভব।
তাঁরা বলেন, অভয়াশ্রমের সুফল ধরে রাখতে হলে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার, নির্বিচারে মাছ আহরণ এবং অভয়াশ্রমের পরিবেশ নষ্ট করা বন্ধ করতে হবে। এ জন্য জেলে, মৎস্যজীবী ও স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন হওয়ার পাশাপাশি অভয়াশ্রম রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এ সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে জাফলং পিয়াইন নদীর দেশীয় মাছের সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং পিয়াইন নদী মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি মো. সুমন আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি এইচ এ সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক মো. মহিন উদ্দিন, প্রচার সম্পাদক মো. সফর আলী, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মো. জামাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।













