
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বিশাল জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড জুলুস (র্যালি) এসে জাফলং চা-বাগান এলাকায় সমবেত হতে থাকে। পরে প্রায় ৩০টি সমাজ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং জাকেরান-আশেকানরা রকমারি ব্যানার-ফেস্টুনসহ মূল জুলুসে শরিক হন। সকাল ১০টার দিকে চা-বাগান এলাকা থেকে জশনে জুলুসটি শুরু হয়ে জাফলং বাজার, মামার বাজার, মোহাম্মদপুর, কালিনগর ও মুসলিমনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ধর্মীয় নানা স্লোগান ও হামদ-নাতে মুখরিত জুলুসটি পরে লাখেরপাড় হামিদা আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জুলুস শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা সাবেক ইউপি সদস্য মহর মেম্বারের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন রেজবী ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দ সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য দেন আলেম-উলামা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও সুমহান আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
সবশেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।














